‘এ জীবনে হাসিনা আর ফিরবেন না’—আওয়ামী লীগ নেতাকর্মীদের মন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ‘দিবাস্বপ্ন দেখা বাদ’ দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’
রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, শেখ হাসিনা বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না।’ অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শোনা যাচ্ছে, ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। এ নিয়ে তার নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দিবাস্বপ্ন দেখা বাদ দিন। আপনাদের বিপদে ফেলার জন্য শেখ হাসিনা এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে তিনি আর কোনো দিন ফিরবেন না।
তিনি আরও বলেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরুন এবং আদালতের মুখোমুখি হন। তিনি বলেন, শেখ হাসিনা ফাঁসির আসামি। দেশে ফিরে আদালতে যান, কারাগারে যান। তার বিরুদ্ধে অসংখ্য গণহত্যার অভিযোগ রয়েছে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
এ সময় বন বিভাগকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সখীপুরের মানুষকে যেন হয়রানি করা না হয়। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার বিষয়ে তিনি জাতীয় সংসদে দুইবার কথা বলেছেন। সুযোগ পেলে আবারও এ বিষয়ে কথা বলবেন। এ নিয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন