খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

উখিয়ায় বনবিভাগের অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উখিয়ায় বনবিভাগের অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

ছবি উখিয়া প্রতিনিধি

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। তবে দীর্ঘদিন ধরে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সাবেক ইউপি সদস্য জয়নাল মেম্বার এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ড্রেজার জব্দ হলেও অভিযোগের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (৮ নভেম্বর-২০২৬) গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার তাজিমারখোলা খালে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাজিমারখোলা খালে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সাবেক ইউপি সদস্য জয়নাল মেম্বারকে ঘিরে একটি চক্র। খাল থেকে উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তীরবর্তী জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

এদিকে বন বিভাগের অভিযানে ড্রেজার জব্দের পর নতুন করে আলোচনায় এসেছে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি। স্থানীয়দের দাবি, শুধু ড্রেজার মেশিন জব্দ করেই অভিযান শেষ করা যাবে না। বালু উত্তোলনের নেপথ্যে কারা রয়েছে, কারা এর অর্থায়ন, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িত, তা তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।

স্থানীয় পর্যায়ে আরও অভিযোগ উঠেছে, জয়নাল মেম্বারের বিরুদ্ধে মামলা বা আইনগত ব্যবস্থা এড়াতে রাজনৈতিক তদবিরের চেষ্টা চলছে। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে থাইংখালী বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মী আবদুল কাইয়ুম, ইলিয়াস, আলী আহমেদ, ইসমাইলসহ বিটের অন্যান্য কর্মচারীরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে। বন ও পরিবেশের ক্ষতি করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন স্থানীয়দের একটাই প্রশ্ন- ড্রেজার জব্দের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে বন বিভাগের অভিযান, নাকি অবৈধ বালু উত্তোলনের নেপথ্যে থাকা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে? তাজিমারখোলা খালের পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ বিষয়ে কার্যকর
পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম