মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি জানান, কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা ঘটছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
ডিসি রাকিব খানের দাবি, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এসব কর্মকাণ্ডের সমন্বয় করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের এনে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। ঘটনাস্থলে প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন