খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে জিএম কাদেরের সংহতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে জিএম কাদেরের সংহতি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন জিএম কাদের। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাকশিল্প থেকে। উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে বর্তমান বেতন কাঠামোয় শ্রমিকদের পক্ষে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে তা অসম্ভব হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। আন্দোলন বন্ধ করতে শ্রমিকদের শারীরিকভাবে নির্যাতন ও গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও হয়রানির শিকার হচ্ছেন।

বিবৃতিতে গাজীপুরে তৌফিক নামের এক পোশাকশ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টিও উল্লেখ করেন জিএম কাদের। এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারটিকে ন্যায়সংগত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

শ্রমিকদের আন্দোলন দমনে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাপা চেয়ারম্যান আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব, ব্যাংকিং খাতের সমস্যা, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে কারখানাগুলো সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। বন্দরের অব্যবস্থাপনাও মালিকদের বিপর্যস্ত করছে। ফলে উৎপাদন খরচ ক্রমাগত বাড়ছে।

এমন পরিস্থিতিতে বাড়তি বেতনের চাপ নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা মালিকদের জন্য কঠিন হয়ে উঠতে পারে বলেও মনে করেন তিনি।

শ্রমিক ও মালিক উভয় পক্ষের দাবিকে ন্যায্য উল্লেখ করে জিএম কাদের বলেন, উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যায়সংগত সমাধান করা সরকারের দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারকে ভর্তুকির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, যথাযথ হিসাব করে নগদ অর্থসহায়তা অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা যেতে পারে।

চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ ও রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাস মালিকদের মাধ্যমে অথবা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম