খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাবির শিক্ষার্থীরা স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারেন না: সোহেল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাবির শিক্ষার্থীরা স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারেন না: সোহেল

ছবির ক্যাপশন

 নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ভোট দিতে পারেন, এমনটা বিশ্বাস করেন না বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। শিক্ষার্থীরা নিজেদের বিবেচনাবোধ থেকে শিবিরকে ভোট দেবেন, তা তিনি বিশ্বাস করতে পারেন না বলে মন্তব্য করেছেন।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, ‘আমি কখনোই বিশ্বাস করি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র অথবা ছাত্রী স্বজ্ঞানে, নিজ জ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে। আমি কখনোই বিশ্বাস করি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি ও ছাত্রদলের নেতৃত্ব প্রসঙ্গেও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিগত সংসদের ভিপি ও এজিএসদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বক্তব্য ও গণমাধ্যমে তার উপস্থাপনার প্রশংসা করে সোহেল বলেন, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর নাসিরের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। ২০২৪ সালের আন্দোলনের সময় সংগঠনের নেতৃত্বে থাকা রাকিব ও নাসিরকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, ওই সময় সারা দেশের মনোযোগ ছিল তাদের দিকে।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সোহেল বলেন, ৭ নভেম্বর একটি চেতনা ও প্রেরণার নাম। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, তার সঙ্গে এ দিনের চেতনার মিল রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিবসটি উপলক্ষে এমন আয়োজন যথার্থ হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার জন্য জীবন দেওয়া মুক্তিযোদ্ধারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অন্যায়, অত্যাচার ও নির্যাতন থাকবে না। মানুষ দারিদ্র্য ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কথা বলার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে এবং বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

স্বাধীনতার পর দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সোহেল বলেন, যুদ্ধের পর দেশে ফিরে আসা নেতৃত্বের সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ, ক্ষুধা ও দারিদ্র্যের চিত্র দেখা গেছে।

নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি জানান, মুক্তিযুদ্ধ চলাকালে বগুড়ায় নানাবাড়ি যাওয়ার পথে এক মুক্তিযোদ্ধার নাড়িভুঁড়ি বের হয়ে থাকা মরদেহ দেখেছিলেন। মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ এভাবে প্রাণ দিয়েছেন।

স্বাধীনতার পর দেশের মানুষ যখন ক্ষুধা ও দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, তখন শাসকগোষ্ঠীর জীবনযাপনে এর বিপরীত চিত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।

সোহেলের দাবি, মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী একটি দেশ স্বাধীনতার পর বাংলাদেশকে নিজেদের ওপর নির্ভরশীল ও মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল। তবে শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশের নিজস্ব শক্তি ও স্বকীয়তা থাকা প্রয়োজন। ৭ নভেম্বরকে বাংলাদেশের নিজস্ব শক্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেন তিনি।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর বাংলাদেশকে পরিকল্পিতভাবে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। এ সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিষয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন তিনি।

সোহেল বলেন, এমন পরিস্থিতিতে আরেকটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছিল। ২০২৪ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিবর্তন এসেছে। এ সময় তারেক রহমানকে নতুন নেতৃত্বের আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম