শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল নারায়ণগঞ্জ-৩ আসনের শতাধিক পোশাক কারখানা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সমগ্র নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি তৈরি হলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মালিকদের আশ্বাস ও প্রতিশ্রুতিতে আস্থা রেখে কাজে ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার পোশাকশ্রমিক।
বুধবার (৪ নভেম্বর) শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, টানা তিন দিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব কয়েক দফায় কারখানার মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তাদের সমন্বিত উদ্যোগে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও কর্মমুখর পরিবেশ বজায় রয়েছে।
এদিকে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিভিন্ন স্থানে নিয়মিত শান্তি ও প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হচ্ছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে থাকলেও শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য তারা মহাসড়কে সতর্ক পাহারা দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।
খাইরুল ইসলাম সজীব আরও বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সামান্য অস্থিরতা দেখা গেলেও নারায়ণগঞ্জ-৩ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না বলে তারা আশাবাদী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন