ফতুল্লার বিসিকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: নজরুল ইসলাম আজাদ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এ ধরনের অপচেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ নভেম্বর) জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কারখানার মালিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি এবং শিল্পাঞ্চলের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবেই তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। যারা আড়ালে থেকে শ্রমিকদের উসকানি দিচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে আজাদ বলেন, ১০ থেকে ১৫ জন মানুষকে একত্র করে লিফলেট ছড়িয়ে রাজপথে আতঙ্ক তৈরির চেষ্টা করছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। গত কয়েক দিন ধরে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। তবে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।
কারখানায় বহিরাগতদের উসকানির অভিযোগ করে তিনি বলেন, তর্ক-বিতর্ক ও অপ্রাসঙ্গিক আলোচনায় জড়িত অনেকের কাছে পরিচয়পত্র নেই। তারা প্রকৃত পোশাকশ্রমিক কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। ট্রাকে করে লাঠিসোঁটা নিয়ে লোক আনার অভিযোগও করেন তিনি। তার দাবি, গতকাল মাঠ থেকে নিষিদ্ধ সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নজরুল ইসলাম আজাদের ভাষ্য, ৯৮ শতাংশ শ্রমিক শান্তিতে কাজ করতে চান। তবে ১ থেকে ২ শতাংশ দুষ্কৃতকারী ও বহিরাগত পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।
শ্রমিকদের দাবির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছেন। বিজিএমইএ ও মজুরি কমিশনের ইতিবাচক সিদ্ধান্ত দ্রুত প্রকাশ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শ্রমিকদের অধিকার রক্ষায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তরিক ছিলেন।
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় শ্রমিকদের যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন