খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক, ১৪৩৩

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

যোগফল প্রতিবেদক: 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

কবে শুরু ও শেষ হয় পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

১২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

সব মিলিয়ে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট দিন জানতে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

"হাত ধোয়ার নায়ক হোন" প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান ও সাংবাদিক মো. রাজু আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আসাদুল ইসলাম, মো. শফিয়ার রহমান, মো. মুশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী মোঃ মশিয়ার রহমান, সুশিলনের বিপ্লব কুমার৷ মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং এনজিও কর্মীরা।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা পারভীনের প্রার্থিতা ঘোষণা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা পারভীনের প্রার্থিতা ঘোষণা

ছবিতে মেরিনা পারভীন

মোঃ হাসান মাহমুদ জয় ।। কুড়িগ্রাম প্রতিনিধি: 

আসন্ন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার নারী শক্তির সদস্য সচিব ও  নারী উদ্যোক্তা মেরিনা পারভীন। 

কুড়িগ্রাম সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও সুধীজনের দোয়া, ভালোবাসা ও সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি এই ঘোষণা দেন। 

দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর ও এর আশপাশের এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। একজন সফল ট্রেইনার ও নারী উদ্যোক্তা হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকেই তিনি এবার স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে কুড়িগ্রাম সদর উপজেলাকে একটি আধুনিক, মানবিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি একগুচ্ছ জনকল্যাণমুখী পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে নারী সমাজ, শিশু এবং প্রবীণ নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং প্রান্তিক ও বেকার নারীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সার্বিক সহায়তা প্রদান করা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা এবং কুড়িগ্রাম সদর উপজেলাকে মাদকমুক্ত, বাল্যবিবাহহীন, যৌতুকমুক্ত ও নারী নির্যাতনমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও সমাজের অসহায়, স্বামী-পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সরকারি সুযোগ-সুবিধা ও সেবা প্রাপ্তি সহজলভ্য করতে তিনি সবসময় সহযোগিতা করবেন। যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে দূরে রেখে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তার অন্যতম ব্রত।

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেরিনা পারভীন জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হোন বা না হোন—রাজনীতির গণ্ডির বাইরেও তিনি অতীতে সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও আজীবন জনগণের সেবক হয়ে কুড়িগ্রাম সদর উপজেলার মানুষের অধিকার আদায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পাশে থাকবেন। উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সেবার মাধ্যমে একটি সমৃদ্ধ কুড়িগ্রাম সদর উপজেলা গড়ে তোলার এই যাত্রায় তিনি কুড়িগ্রাম সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।

গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

ছবি যোগফল

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি 

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা খুলনা-মহাসড়কে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেলের চালক হামিম (২২) মল্লিক নিহত হয়। গুরুতর  আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী।

অপরদিকে এর আগে একই স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেল্পার আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত হামিম গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ইলিয়াস মল্লিক এর ছেলে।