শীলখালীতে আবারও লোকালয়ে অ’সু’স্থ হাতি, ইট-পাটকেল ও আ’গু’ন দিয়ে তাড়ানোর অভিযোগ!
ছবিতে অসুস্থ হাতি
শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় আবারও লোকালয়ে দেখা মিলেছে অসুস্থ সেই বন্য হাতিটির। নিজের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসা অসুস্থ হাতিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে মানুষের এমন আচরণে হাতিটির শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকালয়ে হাতিটির উপস্থিতি দেখে কিছু মানুষ ভিড় করেন। এ সময় কয়েকজনকে হাতিটির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে এবং আগুন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাড়ানোর চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। অসুস্থ ও দুর্বল একটি বন্য প্রাণীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক।
প্রশ্ন হচ্ছে, যে প্রাণীটি নিজেই অসুস্থ, যে হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতেও কষ্ট পাচ্ছে, তাকে এভাবে ভয় দেখিয়ে তাড়ানো কতটা মানবিক? মানুষের এমন আচরণে হাতিটি আরও আতঙ্কিত হয়ে পড়তে পারে। এতে হাতিটির জীবন যেমন ঝুঁকির মুখে পড়তে পারে, তেমনি আতঙ্কিত হয়ে ছুটে গেলে স্থানীয় মানুষের জন্যও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।
বন্য হাতি প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে চলে আসা কিংবা অসুস্থ হয়ে পড়া হাতিটির প্রতি আক্রমণাত্মক আচরণ না করে প্রয়োজন সহানুভূতি, নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা। এ অবস্থায় বন বিভাগ, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
সচেতন মহলের দাবি, অসুস্থ হাতিটিকে নিরাপদে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং তার স্বাভাবিক আবাসস্থলে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হাতিটিকে ইট-পাটকেল নিক্ষেপ, আগুন দেখানো কিংবা কোনোভাবে বিরক্ত করা থেকে বিরত রাখতে স্থানীয়দের সচেতন করতে হবে।
একটি অসুস্থ প্রাণী মানুষের কাছে সাহায্য চাইতে পারে না, নিজের কষ্টের কথাও বলতে পারে না। তার অসহায়ত্বকে ভয় কিংবা বিনোদনের বিষয় না বানিয়ে মানবিক আচরণ করাই আমাদের দায়িত্ব।
এখন স্থানীয়দের একটাই প্রশ্ন- আবারও লোকালয়ে ফিরে আসা অসুস্থ হাতিটির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কবে দৃশ্যমান হবে?



আপনার মতামত লিখুন