খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

মৃত্যুর সাড়ে সাত মাস পরও মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মৃত্যুর সাড়ে সাত মাস পরও মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালীকে আসামি করা হয়েছে। তবে মামলায় উল্লেখ করা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি।

গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হলেও ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পর করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই এজাহারেই সামচু ঢালীর নাম রয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সামচু ঢালী চলতি বছরের ২৯ মার্চ মারা গেছেন। অর্থাৎ মামলায় বর্ণিত ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়।

গত ৯ নভেম্বর রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে সামচু ঢালীর নাম ২১৯ নম্বরে থাকার বিষয়টি সামনে আসার পর মৃত্যুর আগে সংঘটিত ঘটনার মামলায় কীভাবে একজন মৃত ব্যক্তিকে আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।