মডেল মসজিদে কেয়ারটেকারদের দায়িত্ব বহাল রাখার দাবি
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক
মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ।
শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নীতিমালার ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকাররা তাদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর করবেন এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন।
পরিষদের দাবি, কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্তে নীতিমালার এই বিধান যেন বাতিল বা খর্ব করা না হয়।
নতুন নীতিমালার মাধ্যমে ২০২১ সালের আগের নীতিমালা রহিত করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদগুলোর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের পাঠাগারও মডেল মসজিদে স্থানান্তর করা হবে। পাশাপাশি প্রকল্পের বিধান অনুসারে জনবলের সম্মানী ও অন্যান্য ব্যয় নির্বাহ করা হবে। প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রগুলোর মধ্য থেকে প্রতিটি মডেল মসজিদে অন্তত একটি শিক্ষাকেন্দ্র স্থানান্তরের কথাও বলা হয়েছে।
পরিষদের নেতারা জানান, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা, মক্তব পরিচালনা ও নৈতিকতা গঠনে মডেল কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মডেল মসজিদে তাদের দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত মসজিদের কার্যক্রমে নতুন গতি আনবে বলে তারা মনে করেন।
তবে একটি মহল নীতিমালার ২৯(১) অনুচ্ছেদের বিরুদ্ধে অপতৎপরতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পরিষদ। এ কারণে ধারাটি বহাল রাখা এবং মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও মর্যাদা সুরক্ষায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন