শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের প্রণীত আইনে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন অনুযায়ী দেওয়া সাজা তাকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ প্রতিবাদ। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার ঘটনায় শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি রায়ের সাজা তাকে ভোগ করতে হবে।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্যদিকে দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা ধরনের নিপীড়নের মধ্যেও তারা সাহসের সঙ্গে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও বহু অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথা নত করানো সম্ভব হয়নি।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করানো যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন আবারও তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে ব্যারিকেড গড়ে তুলবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন