খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন, ১৪৩৩

রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

যোগফল প্রতিবেদক:

রাজধানীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরায় জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে আয়োজিত ‘এসএসসি পরীক্ষা পরবর্তী দ্বীনি মোলাকাত’ অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, ইসলামের আগেও পৃথিবীতে বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটেছিল। তবে মানবতা ও সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেনি। রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে এসে মানবতা ও সভ্যতার ক্ষেত্রে পরিবর্তন এনেছেন এবং বিশ্ব সভ্যতায় মানবতার নজির স্থাপন করেছেন।

তিনি বলেন, হজরত ঈসা (আ.)-এর পর মুহাম্মদ (সা.) এমন একজন ব্যক্তি, যিনি পৃথিবীকে মানবতা ও সভ্যতার শিক্ষা দিয়েছেন। তাঁর আগমনের মাধ্যমে মানুষের জীবনব্যবস্থা ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ইউরোপে দীর্ঘ সময় শিক্ষার বিস্তার ঘটেনি। পরে মুসলিম বিশ্বের জ্ঞানচর্চা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইউরোপীয়রা শিক্ষাজগতে প্রবেশ করে। পাঠ-পঠন ও জ্ঞানচর্চার যে ধারা বিশ্বে বিস্তৃত হয়েছে, তার সূচনার সঙ্গে ইসলামের শিক্ষা ও মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ইসলাম আসার আগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপক ব্যবস্থা ছিল না। ভারত, চীন, ইউরোপ, ইরান ও ইরাকসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ নেওয়া হয়।

ইসলামপূর্ব যুগের আইন ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সে সময় পৃথিবীতে সুষ্ঠু আইন ও সামাজিক শৃঙ্খলার অভাব ছিল। ওই সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। বিভিন্ন শাসকের অত্যাচার, জুলুম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.) মানুষের অধিকার ও ন্যায়বিচারের শিক্ষা প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি শিক্ষার্থীদের ব্যক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ছাত্র জমিয়তের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমি, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমি ও মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির ও সহসাধারণ সম্পাদক বায়েজিদ আহমদ সিরাজ।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

র‍্যাব বিলুপ্ত, এসআরবি নামে নতুন যাত্রা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
র‍্যাব বিলুপ্ত, এসআরবি নামে নতুন যাত্রা

যোগফল প্রতিবেদক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেছে বিশেষায়িত এই ইউনিট। পুলিশের অধীনে গঠিত এসআরবি বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়।

পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইনের গেজেট প্রকাশ করা হয়। গেজেটে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশকে সহায়তার জন্য নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি ইউনিটটির ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাবের কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে নতুন আইনি কাঠামোর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠন করা হয়েছে।

ফলে বুধবার থেকে র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করেছে বাহিনীটি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড়ে মিলল সিএনজিচালকের মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড়ে মিলল সিএনজিচালকের মরদেহ

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

সিএনজিসহ নিখোঁজ

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে তুহিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নবীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার ধারণা

স্থানীয়দের ধারণা, তুহিনের সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ফোন করে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে সেখানে মরদেহটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নারায়ণগঞ্জের কাঁচপুরে ডোবায় মিলল হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জের কাঁচপুরে ডোবায় মিলল হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ

যোগফল প্রতিবেদক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আইয়ুব হোসেন (৫০)। তিনি কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন আইয়ুব হোসেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির কাছে একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় একটি বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া (জেনারেল) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামির হোসেন নামে এক নিরাপত্তাপ্রহরীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোনো স্থানে হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম