মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে ঘোরাল গ্রামবাসী
যোগফল প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও অঙ্গভঙ্গির অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। সুমন হোসেন মথনপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়দের অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি করতেন এবং কুপ্রস্তাব দিতেন। সোমবার তাকে মাদ্রাসা এলাকা থেকে আটক করেন স্থানীয়রা।
পরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সুমনকে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় ঘোরানো হয়।
কুমারহাটি গ্রামের বাসিন্দা ও এক শিক্ষার্থীর অভিভাবক মশিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের উত্ত্যক্তের ঘটনায় তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গৌরাঙ্গ কুমার বলেন, বিষয়টি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।
তবে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের সত্যতা কিংবা তাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন