খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন, ১৪৩৩

স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত লাশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত লাশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর দাফনের জন্য কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে সমাহিত স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ জুলাই) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা গেলে স্বামীর কবরের পাশে তাকে দাফনের জন্য নতুন কবর খনন শুরু হয়। এ সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে মানুষের ভিড় জমে।

কবর খননের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মরদেহটি প্রায় আগের অবস্থাতেই ছিল এবং কাফনের কাপড়ও অক্ষত দেখা যায়। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৪ বছর আগে মারা যাওয়া রমজান আলী একজন ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং চাল-আটার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সেভাবেই রেখে পাশেই তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়।

উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু বলেন, কোনো মুসলমানের মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেলে তার সম্পর্কে ভালো ধারণা রাখা যেতে পারে। তবে এ ধরনের ঘটনায় শরিয়তসম্মত ও বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা থাকলে সেটিও গ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা বা বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি।

তবে দীর্ঘ সময় পর মরদেহ অক্ষত থাকার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞের আনুষ্ঠানিক মতামত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্থানীয়দের দাবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

র‍্যাব বিলুপ্ত, এসআরবি নামে নতুন যাত্রা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
র‍্যাব বিলুপ্ত, এসআরবি নামে নতুন যাত্রা

যোগফল প্রতিবেদক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেছে বিশেষায়িত এই ইউনিট। পুলিশের অধীনে গঠিত এসআরবি বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়।

পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইনের গেজেট প্রকাশ করা হয়। গেজেটে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশকে সহায়তার জন্য নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি ইউনিটটির ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাবের কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে নতুন আইনি কাঠামোর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠন করা হয়েছে।

ফলে বুধবার থেকে র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করেছে বাহিনীটি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড়ে মিলল সিএনজিচালকের মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিখোঁজের ২ দিন পর বাঁশঝাড়ে মিলল সিএনজিচালকের মরদেহ

যোগফল প্রতিবেদক:

হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

সিএনজিসহ নিখোঁজ

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে তুহিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নবীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার ধারণা

স্থানীয়দের ধারণা, তুহিনের সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ফোন করে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে সেখানে মরদেহটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নারায়ণগঞ্জের কাঁচপুরে ডোবায় মিলল হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জের কাঁচপুরে ডোবায় মিলল হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ

যোগফল প্রতিবেদক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আইয়ুব হোসেন (৫০)। তিনি কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন আইয়ুব হোসেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির কাছে একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় একটি বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া (জেনারেল) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামির হোসেন নামে এক নিরাপত্তাপ্রহরীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোনো স্থানে হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।


তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম