রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার
গ্রেফতার ডা. ইসমাঈল আল রাজিব। ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তিনি আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পান।
স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির অভিযোগ ছিল। এ কারণে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের স্টাফদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন