নেশার টাকার বিরোধে মায়ের দায়ের কোপে প্রাণ গেল ছেলের
ছবি: সংগৃহীত
রাঙামাটির তবলছড়ি এলাকায় নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (যুবক) নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের আসামবস্তির মির্জা টিলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ইসলাম ওই এলাকার সিএনজি অটোরিকশাচালক রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের কাছে টাকা দাবি করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে তার মা রেখা ইসলাম দা দিয়ে সাকিবুলকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই সাকিবুলের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন