যোগফল প্রতিবেদক:
আগামী পাঁচ বছরে দেশের ৫০৩টি উপজেলায় গ্যালারি, প্যাভিলিয়ন ও ড্রেসিংরুমসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে খেলার মাঠের সংকটের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কাজ করছেন। মন্ত্রী, উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতায় ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ের মাঠের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ৬৪টি জেলার মধ্যে প্রায় ৫০৩টি ইউনিয়নের মাঠের তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার মাঠের তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য সংগ্রহের পর এসব মাঠে স্থানীয়ভাবে খেলাধুলা শুরু করা হবে। মাঠের সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, বিগত সময়ে অনেক উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল। কোথাও মাঠে গরু চরছে, আবার কোথাও খেলার মাঠ কিংবা স্টেডিয়ামের প্রয়োজনীয় অবকাঠামো নেই। সরকার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ে তুলতে চায়। এসব স্টেডিয়ামে দর্শকদের জন্য গ্যালারি, প্যাভিলিয়ন ও ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।
তিনি জানান, ইতোমধ্যে বেশ কিছু স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে এবং কয়েকটির নির্মাণকাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে পূর্ণাঙ্গ উপজেলা স্টেডিয়াম নির্মাণ করা হবে। মাঠের সংকট নিয়ে যারা দুশ্চিন্তা করছেন, আগামী দুই বছর পর তারা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন কোনো মাঠে আর মেলা আয়োজনের অনুমতি দেওয়া হবে না। সরকার গঠনের পর থেকেই এ বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান জানিয়ে আসছেন। কেউ অনুমতি চাইলেও তা দেওয়া হবে না।
মাঠের সংকট সমাধানে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে মাঠের সুযোগ-সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসবে। তখন পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা হয়েছে কি না, তা সবাই দেখতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম