যোগফল প্রতিবেদক:
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রচলিত টহলের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
১৮ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আকাশপথে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। পাশাপাশি স্থলভাগের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত টহল পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষায়িত যানবাহন অল-টেরেইন ভেহিকেল (এটিভি)।
প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মাইকিং ও স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।
এসব সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আধুনিক নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম