যোগফল প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকার মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ আবু তালেব (৪৫)।
এসআরবি-১২ বগুড়ার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাজলগৌরী এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল মুন্নাফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুন্নাফ হোসেন ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
এসআরবি-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম