যোগফল প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত দুই নেতা হলেন, রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে ওসিকে উদ্দেশ করে যুবলীগ নেতা আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পুলিশ হয়রানি করলে ছাড় দেওয়া হবে না। তিনি ওসিকে তিন দিনের সময় দিয়ে করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলা’ স্লোগান প্রতিধ্বনিত হওয়ার হুমকি দেন। একই সঙ্গে ওসি ও তার পরিবারের সদস্যদের নিয়েও হুমকিমূলক বক্তব্য দেন।
অন্যদিকে, একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি বলেন, বিএনপির কথা শুনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটক বা হয়রানি করা হলে পুলিশের পরিণতি ভালো হবে না। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
তবে ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড কখন এবং কোথা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার মুঠোফোনে কলের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে তারা এ ধরনের হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার সাহস পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম