যোগফল প্রতিবেদক:
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে মঞ্চে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি। প্রচলিত বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক পরেন মাহি। এর সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। তার এই ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি।
বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত মাহি। এই অর্জনকে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবে দেখছেন তিনি।
আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো প্রতিযোগিতায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন বলেও উল্লেখ করেন এই মডেল-অভিনেত্রী।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম