যোগফল প্রতিবেদক:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুপাতো বোন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফারিহাকে নিয়ে তার মা লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে। এরপর থেকে ফারিহা মায়ের সঙ্গে নানাবাড়িতেই অবস্থান করছিল।
শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে একটি জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়।
দ্রুত দুই শিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম