যোগফল প্রতিবেদক:
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে ওই নেত্রীকে দ্রুত নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম। কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
এ সময় কোনো সমস্যা হবে কি না—যুবলীগ নেত্রীর এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে যুবলীগ নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের কথোপকথনের এই অডিও ফাঁস হয়।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁকে আলিঙ্গন করার অনুরোধও করেছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তার করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম