নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে টমাস (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম