নিজস্ব প্রতিবেদক:
দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে পরিবারের সদস্যরা উপস্থিত স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর কাছে প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। একই সঙ্গে সোহেল খানের কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা নিষ্পত্তির অনুরোধ জানান।
জানাজা শেষে পরিবার, স্বজন ও স্থানীয়রা তাকে শেষ বিদায় জানান।
এর আগে একই দিন সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। দ্রুত তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুর খবরে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম