যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের কচুয়া পৌরসভা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাদের মোবাইল ফোন যাচাইয়ের সময় আরাফাতের ফোনে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নাহিদ ও আরাফাতকে আটক করে থানায় নেওয়া হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও মো. আরাফাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম