যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও তাণ্ডবের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট, স্টেশন রোড ও আনারকলি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। এ সময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল, মাহমুদুল হাসান মিরন, বিল্লাল হোসেন সানি, মামুন পাঠান, মোহাম্মদ আলকাছ, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ ফয়সাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, টঙ্গীতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে টঙ্গী বিএনপি রাজপথে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, টঙ্গীতে পোশাকশ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম