যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় সম্পূর্ণ স্বেচ্ছায় এবং নিজ নিজ সিদ্ধান্তে দল থেকে পদত্যাগ করেছেন।
একযোগে পদত্যাগ করা ছয় নেতা হলেন—ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
লিখিত বক্তব্যে তারা আরও জানান, পদত্যাগের মাধ্যমে দলের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত থাকবেন না।
তারা দাবি করেন, পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব ছিল না।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে জানাতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
একই ইউনিয়নের ছয় নেতাকর্মীর একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির সাংগঠনিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম