যোগফল প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাড়ে তিন বছর বয়সী শিশুটি।
ঘটনাটি ঘটে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল এলাকার আতিক মেম্বারের বাড়িতে।
মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দাদা আতিক মেম্বার। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মরিয়মের মরদেহ আজ গ্রামে আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, তিন দিন আগে ওই বাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই বছর বয়সী শিশু আনাস পুড়ে মারা যায়। এ সময় তার বোন সাড়ে তিন বছর বয়সী মরিয়মকেও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম