যোগফল প্রতিবেদক:
নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চেয়ার, টেবিল ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি এবং সার্বিক ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে উপজেলা কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসেন। এ সময় উপজেলা কার্যালয়ের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ভোরে আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, আগুনে চেয়ার, টেবিল ও আলমারিসহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘আমরা যে কক্ষে বসি, সেখানে চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সরকারি নথিপত্র বা অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম