যোগফল প্রতিবেদক:
জান্নাত ও জাহান্নাম মানুষের ধারণার চেয়েও নিকটবর্তী। মানুষের ছোট একটি ভালো কাজ যেমন জান্নাত লাভের পথ খুলে দিতে পারে, তেমনি সামান্য কোনো পাপও তাকে জাহান্নামের শাস্তির মুখোমুখি করতে পারে। তাই প্রতিটি কথা ও কাজে সতর্ক থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জান্নাত তোমাদের কারও জুতার ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান্নামও তেমনই।’ (সহিহ বুখারি)
এই হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) মানুষের ভালো ও মন্দ কাজের পরিণতি কতটা নিকটবর্তী, তা বুঝিয়েছেন। অনেক সময় মানুষ ছোট কোনো ভালো কাজকে গুরুত্ব দিতে চায় না। অথচ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সেই কাজই জান্নাত লাভের কারণ হতে পারে। একইভাবে, তুচ্ছ মনে করে করা কোনো পাপও আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে।
হাদিসে এমন তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ রয়েছে, যারা সবার আগে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) তাদের পরিচয় তুলে ধরেছেন।
১. আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহিদ
প্রথম শ্রেণিতে রয়েছেন আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহিদরা। যারা দ্বীনের পথে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন।
২. আত্মনির্ভরশীল ও হালাল উপার্জনকারী ব্যক্তি
দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন এমন ব্যক্তিরা, যারা হারাম উপার্জন থেকে দূরে থাকেন এবং অন্যের কাছে সাহায্য না চেয়ে নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করেন।
৩. বিশ্বস্ত ও ইবাদতগুজার কর্মচারী
তৃতীয় শ্রেণিতে রয়েছেন বিশ্বস্ত ও ইবাদতগুজার কর্মচারী বা অধীন ব্যক্তিরা। তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং কর্মক্ষেত্রে সততা ও বিশ্বস্ততার পরিচয় দেন।
এই বর্ণনা থেকে বোঝা যায়, জান্নাত লাভের জন্য শুধু বড় কোনো ইবাদত বা বিশেষ আমলের অপেক্ষায় থাকলে চলবে না। হালাল উপার্জন, দায়িত্বশীলতা, সততা, আত্মনির্ভরশীলতা এবং হারাম থেকে দূরে থাকার মতো দৈনন্দিন কাজের মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম