বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ দিতে লিখিত পরীক্ষার নম্বর পরিবর্তন করে মেধাতালিকা পাল্টে দেওয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় সংস্থাটির সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে তিন বছর এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) গোলাম কিবরীয়াকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৩৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর প্রস্তুত করা নম্বরের টেবুলেশন শিটে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার খাতা ও মূল নম্বরপত্র গোলাম কিবরীয়ার হেফাজতে ছিল। তিনি মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে নিজের তৈরি করা নম্বরের তালিকা জমা দেন। ওই তালিকার ভিত্তিতে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৪৬ নম্বর পাওয়া মো. ইব্রাহিম খলিলের নম্বর কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে মো. সরোয়ার হোসেনের ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। মৌখিক পরীক্ষায় ইব্রাহিম খলিল ২২ এবং সরোয়ার হোসেন ২৮ নম্বর পান।
নম্বর পরিবর্তনের আগে দুই পরীক্ষায় ইব্রাহিম খলিলের মোট নম্বর ছিল ৬৮ এবং সরোয়ার হোসেনের ৫৯ দশমিক ৫। কিন্তু নম্বর পরিবর্তনের পর সরোয়ারের মোট নম্বর দাঁড়ায় ৬৫ দশমিক ৫ এবং ইব্রাহিম খলিলের ৬২। এর ফলে সরোয়ার হোসেনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালের ৮ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই নিয়োগ কমিটি গঠন করা হয়। লিখিত পরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার পর কমিটি গঠনের বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। এ ছাড়া রেলওয়ের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচনী কমিটি গঠনের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।
এ ঘটনায় ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় গোলাম কিবরীয়া, ইউসুফ আলী মৃধা ও নিয়োগের সুবিধাভোগী সরোয়ার হোসেনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি নথি জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে ২০১৪ সালের ২৪ জুন প্রথম অভিযোগপত্র দাখিল করা হয়। এতে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতির সুপারিশ করে গোলাম কিবরীয়া ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তবে আদালত ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে নিয়োগের সুপারিশ অনুমোদনকারী হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ থাকার বিষয়টি উল্লেখ করে অব্যাহতির সুপারিশ গ্রহণ করেননি। পরে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদের নেতৃত্বে অধিকতর তদন্তে ইউসুফ আলী মৃধার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ সময় লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নকারী শিক্ষক জহিরুল ইসলামের বক্তব্যও নেওয়া হয়।
তদন্তে শিক্ষক জহিরুল ইসলাম জানান, খাতা মূল্যায়ন শেষে তিনি নিজ হাতে নম্বরপত্র তৈরি করে স্বাক্ষরসহ গোলাম কিবরীয়ার কাছে জমা দিয়েছিলেন। জমা দেওয়ার সময় নম্বরপত্র ও খাতায় কোনো ঘষামাজা বা কাটাকাটি ছিল না। পরবর্তী সময়ে নম্বর পরিবর্তন কিংবা সঠিক উত্তরকে ভুল চিহ্নিত করার কাজও তিনি করেননি।
অধিকতর তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ইউসুফ আলী মৃধাসহ তিনজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ২৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম