শাকুর মাহমুদ চৌধুরী ।। (উখিয়া) কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ায় শফিউল আলম ওরফে শফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবারের সদস্য, স্বজন, বন্ধু ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
শনিবার (২১ নভেম্বর-২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি বলৎকারের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শফিউল আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
বক্তারা বলেন, একজন তরুণকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পরিবার ও স্বজনরা আজ ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো ছুরি ও রড দিয়ে আঘাত করা হলে শফিউল আলম গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত শফিউল আলম ওরফে শফিক উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার আমতলীর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইসলাম (ডর মনু)-এর ছেলে।
মানববন্ধনে সঞ্চালনা করেন আব্দুল আজিজ। এতে নিহতের বড় ভাই শাহজাহান, ছোট ভাই মাওলানা রফিক, বোন রুমানা আক্তার, ইউপি সদস্য অলি আহমদ, সাবেক ইউপি সদস্য ফিরোজ আহমদ, অ্যাডভোকেট আব্দুর রহিম, পুতল রানি বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, রফিক উদ্দিন, ইমাম হোসেন মান্না, সাংবাদিক সামিরা আক্তার, সেলিম ও শুয়াইবসহ নিহতের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তাদের স্পষ্ট দাবি- শফিউল আলম শফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ন্যায়বিচারের দাবিতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।