যোগফল প্রতিবেদক:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের লকডাউন কর্মসূচির সমর্থনে গত ১৯ নভেম্বর বের হওয়া বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির তিনটি দলীয় কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতারা।
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভ মিছিল চলাকালে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় তাঁর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা এবং নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কোটালীপাড়া পৌর যুবদলের সদস্য সচিব মান্নান শেখের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মিয়ার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ১০ ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা ও নগদ ১০ লাখ টাকা লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আতঙ্কে এলাকায় থাকতে পারছেন না। বিষয়টি কোটালীপাড়া থানা পুলিশকে জানিয়েছেন এবং শিগগিরই লিখিত অভিযোগ দেবেন। তাঁর দাবি, উপজেলায় বিএনপির তিনটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং সাদুল্লাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
কোটালীপাড়া পৌর যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আতঙ্কের কারণে বর্তমানে তিনি এলাকায় অবস্থান করছেন না।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন বলেন, তিনি ভাঙচুরের ঘটনার কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম