সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পদত্যাগের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। এ ধরনের ভুয়া সংবাদ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি।
ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
পোস্টে আরও বলা হয়, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সত্য প্রচার এবং মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ফজলুর রহমান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম