যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিংয়ের টাকা ডাকাতির ঘটনায় জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ (২৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পৃথক অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ তার সহযোগী মো. রবিন আহম্মেদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে মোবাইল ব্যাংকিংয়ের টাকা ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেপ্তার করে।
এরপর গত ২০ নভেম্বর শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রবিন ওই এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিন আহম্মেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৩৭ নম্বর, তারিখ ২০ নভেম্বর ২০২৬।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
পরে ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেপ্তার ইমরান শেখ ও রবিন আহম্মেদকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম