যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে খাগড়াছড়ি জেলা জামায়াত।
রোববার ফজরের নামাজের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জামায়াতের নেতারা। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতের আমির মো. ইলিয়াস ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
জেলা জামায়াতের নেতারা অভিযোগ করেন, পুলিশের কার্যকর তৎপরতা ও যথাযথ ব্যবস্থা না থাকায় খাগড়াছড়িতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তাদের দাবি, বিআরটিসি বাস ও জিপগাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
এদিকে ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৪টায় খাগড়াছড়ি শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জেলা জামায়াত।
ডাকসু ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয় বলে অভিযোগ করেন তিনি। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
সাদিক কায়েম তার পোস্টে এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে জুলাইপন্থি ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের লড়াইকে আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম