পকেটে সামান্য টাকা, একটি সাইকেল আর অদম্য ইচ্ছাশক্তি ও সাহসকে সম্বল করে পুরো বাংলাদেশ ঘুরে এসেছেন নেত্রকোনার মোহনগঞ্জের ২৩ বছর বয়সী তরুণ আশরাফুল ইসলাম মুন্না।
টানা ১৪৫ দিনে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা ভ্রমণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। দীর্ঘ এই ভ্রমণ শেষে দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘ভ্রমণ করলে দেশ, মন থাকে ফ্রেশ।’
মুন্নার ১৪৫ দিনের এই যাত্রা শুরু হয় ২০২৬ সালের ২৬ জুন সকাল ১০টায় নিজ উপজেলা মোহনগঞ্জ থেকে। প্রথমে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর হয়ে একে একে দেশের আটটি বিভাগের মেঠোপথ, দুর্গম পাহাড়ি জনপদ, ব্যস্ত সড়ক ও মহাসড়ক পাড়ি দেন তিনি। অবশেষে ১৯ নভেম্বর সকাল ১০টায় মোহনগঞ্জে ফিরে শেষ হয় তাঁর সাইকেলযাত্রা।
গ্রামীণ সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাই ছিল তাঁর এই ভ্রমণের মূল লক্ষ্য।
নিজের ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে মুন্না বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে অনেক সাহায্য ও সহযোগিতা পেয়েছেন তিনি। তবে উত্তরবঙ্গের মানুষের আন্তরিকতা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তাঁরা অত্যন্ত অতিথিপরায়ণ। অপরিচিত হয়েও তাঁকে আপনজনের মতো স্নেহ ও মমতা দিয়ে আপ্যায়ন করেছেন।
দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলাই অপরূপ সৌন্দর্যে ভরপুর। তবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং সিলেটের জাফলং ও শ্রীপুরের সৌন্দর্য অতুলনীয়। অন্যদিকে বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রা তাঁকে গভীরভাবে ভাবিয়েছে।
ভ্রমণের চ্যালেঞ্জের কথা তুলে ধরে মুন্না বলেন, পুরো যাত্রা মসৃণ ছিল না। অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বেশ কয়েকবার তাঁর সাইকেল নষ্ট হয়ে যায়। তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছে।
আশরাফুল ইসলাম মুন্না নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবা সারোয়ার জাহান ওরফে তাজ্জত এবং মা মোছা. আশিকনুর।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, একটি সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ তরুণদের মধ্যে আরও অনুপ্রেরণা ও আগ্রহ তৈরি করবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম