রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাস্তার পাশ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সোহেল (৩০) ও রনি ওরফে গ্যাস রনি (২৮)। সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশনে এবং রনির বাড়ি মাদারীপুরে। তারা দুজনই মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নদীর পাড়ে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আরও জানান, গ্রেপ্তার দুই যুবলীগ কর্মী বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও শাহিনের নেতৃত্বে তারা ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানান ওসি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম