রাজধানীর হাজারীবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) ও মো. মাইদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। এর আগে তিনি ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কার্যকরী সদস্য ছিলেন। অন্য দুজন হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।
ওসি মোশাররফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বউবাজারের সাহেব আলী গলি থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনেশ্বর রোডের বোরহানপুর থেকে আফতাব আহমেদ আনন্দ এবং রাত সাড়ে ৯টার দিকে ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মো. মাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় ১৬ জুলাই দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম