গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছেন তিনি। যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন আইজিপি।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জে পৌঁছান মো. আলী হোসেন ফকির। সেখানে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সমন্বিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম