বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব পালনের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব সবার ভাগ্যে জোটে না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বীরোচিত অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান রাষ্ট্রের একটি দায়িত্ব পালনের অংশ। তাঁদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পূরণের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও গর্বিত ও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য গৌরবের বিষয়।
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
তারেক রহমান বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনসায়াহ্নেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো উজ্জ্বল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম