যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড় থেকে অপহৃত ৩০ কৃষকের মধ্যে মুক্তিপণ দিয়ে ১৮ জন বাড়ি ফিরেছেন। অপহরণের প্রায় ৩৬ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ছেড়ে দেওয়া হয়।
ফিরে আসা কৃষকদের মধ্যে ১২ থেকে ১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোমারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায়। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে দুই সহোদর আবদুল মন্নান ও ফরমান উদ্দীন নাসু, জয়নাল আবেদিন, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, তানভীর, আবদুল গণি, মোহাম্মদ জাফর, মান্নান ও আইয়ুবের নাম জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব পাশের গহিন পাহাড়ে চাষাবাদের কাজে গেলে ৩০ কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মুঠোফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
এক পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা পাওয়ার পর প্রথমে একজনকে ছেড়ে দেওয়া হয়। এভাবে বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের পর পর্যায়ক্রমে ১৮ জনকে মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে হাইদগাঁওয়ের ডোমারপাড়া এলাকায় ফিরে আসা এক ভুক্তভোগী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মঙ্গলবার সকালে গহিন পাহাড়ে গেলে সন্ত্রাসীরা তাদের হাত বেঁধে রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় কয়েকজনকে লাঠিপেটাসহ মারধর করা হয়। পরে টাকা পাওয়ার পর বোয়ালখালীর পাহাড়ের পটিয়াসংলগ্ন এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরেন তারা।
আরেক ভুক্তভোগী বলেন, পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন করা না হলে এলাকায় শান্তি ফিরবে না। দুই মাস আগেও এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল বলে জানান তিনি। তবে ঘটনা প্রকাশ করলে আবারও বিপদে পড়ার আশঙ্কায় ভুক্তভোগীরা আতঙ্কে রয়েছেন।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভয়ে এলাকার কেউ আর গহিন পাহাড়ে যাচ্ছেন না। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করেছে। এর ফলে অপহৃত কৃষকরা ফিরে এসেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছে, সেগুলোর সূত্র ধরে পুলিশের একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম