যোগফল প্রতিবেদক:
হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৪ গোল বাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যক্তিগত অর্জনের পথে এগোলেও দলকে জেতাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে রোনালদোর দল আল নাসর। ম্যাচে গোল করলেও প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে নিজের দশম গোলটি করেন তিনি। এতে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬।
তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আল নাসর। বক্সের ভেতরে নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পটকিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুটি পেনাল্টি নিয়েছেন রোনালদো, দুটিতেই ব্যর্থ হয়েছেন তিনি। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে গোল করতে পারলেন না পর্তুগিজ তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল আহলি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিক দল।
পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। চলতি মৌসুমে লিগে এটি তাঁর ১৪তম গোল। এর চার মিনিট পর রজার ইবানেজের গোলে ব্যবধান ৩-১ করে জয় নিশ্চিত করে আল আহলি।
এ হারে লিগে দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ পেল আল নাসর। পয়েন্ট তালিকায় তিন নম্বর অবস্থানেই রয়েছে দলটি। অন্যদিকে, এই জয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম