মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জোকনালা গ্রামে মহাযোগী শ্রীমৎ ক্ষ্যাপা স্বামী জীবনানন্দ পরমহংস মহারাজ ও মাতা নন্দ-ঠাকুরাণীর স্মরণে ১৬তম বার্ষিক কর্মী সম্মেলন ও গীতোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জোকনালা গ্রামের কর্মীবৃন্দের উদ্যোগে ‘শ্রী যুক্ত বাবু নিলমনি মজুমদার’ মহাশয়ের ভিটাবাড়িতে এ আয়োজন করা হয়।
পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা (১৮ নভেম্বর ২০২৬ ইংরেজি) বুধবার অধিবাস ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। পরদিন ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা (১৯ নভেম্বর ২০২৬ ইংরেজি) বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হয় মূল কর্মী সম্মেলন ও গীতোক্ত আলোচনা সভা।
জোকনালার শ্রী হরিপদ মজুমদারের সভাপতিত্বে এবং তেয়াশিয়ার গোপাল চন্দ্র সরকারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বোয়ালিয়ার শ্রী সুভাষ চন্দ্র রাহা। বিশেষ বক্তা ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শ্রী মানচিত্র পাল। এছাড়াও সভায় অন্যান্য বক্তার মধ্যে অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী নগেন্দ্র নাথ সরকার, আচার্য্য জয়দেব কুমার সেন, সহকারী অধ্যাপক শ্রী বিমল চন্দ্র সরকার, শ্রী প্রশান্ত সূত্রধর এবং প্রভাষক শ্রী রতন কুমার সরকার গীতোক্ত ও ধর্মীয় বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ রানা এমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধবপুরের শ্রী শীতল চন্দ্র চাকী,যোগেশ চন্দ্র সরকার (নাটোর), শ্রী আশিস কুমার রায় (খাস সোনামুখী) ও পরিতোষ সরকার (কান্দাপাড়া)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাশ ভৌমিক (মাধবপুর), সুভাষ চন্দ্র সরকার (মাধবপুর), কার্তিক চন্দ্র সাহা (চালা বেলকুচি) ও গৌড় চন্দ্র সূত্রধর (কালিহাতি, টাঙ্গাইল)।
সভায় পৌরোহিত্য করেন আচার্য্য শ্যামল চন্দ্র সাহা (অধ্যক্ষ, জীবনন্দ মঠ)। গীতা পাঠ করেন শিশির কুমার সেন (সগুনা) এবং শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন শ্রী অনন্ত কুমার মজুমদার। উদ্বোধনী ও মাঙ্গলিক সংগীত পরিবেশন করেন আচার্য্য মহাপ্রসাদ (শফিপুর, টাঙ্গাইল) এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন আচার্য্য মহাপ্রসাদ, শ্রী জয়দেব মজুমদার ও শ্রী জিতেন্দ্রনাথ মজুমদার।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়।