মাহাবুবুর রহমান । বার্তা সম্পাদক যোগফল অনলাইন
উপ-শিরোনাম: পশ্চিমে টাঙ্গাইল ঘুরে যাওয়া ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, সরাসরি লাইন হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবে
জামালপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফায়ার স্টেশন পর্যন্ত নতুন সরাসরি রেললাইন ও নতুন চন্দ্রা রেলস্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন আপামর জনগণ।
কিছু দাবি হৃদয়ে থাকে, কিন্তু তা তাৎক্ষণিক পূর্ণ হয় না। এই রেললাইনের দাবিটাও তেমনই দীর্ঘদিনের হৃদয়ের দাবি।
বর্তমানে পশ্চিমে টাঙ্গাইল ঘুরে জামালপুর যাওয়া অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। জয়দেবপুর-টাঙ্গাইল ঘুরপথে যাতায়াতে সাধারণ মানুষের সময়, অর্থ ও শ্রম তিনটাই নষ্ট হচ্ছে।
এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার - কালিয়াকৈরে রেলস্টেশন আছে। এখন নতুন প্রস্তাবিত রেলস্টেশন হলো চন্দ্রা রেলস্টেশন। চন্দ্রা ফায়ার স্টেশনের পশ্চিমে এই নতুন চন্দ্রা রেলস্টেশন নির্মাণ করা হলে নতুন লাইনটি পূর্ণতা পাবে।
প্রস্তাবিত রুট:
জামালপুর - সখিপুর - ধনবাড়ি - মধুপুর - কালিয়াকৈর চন্দ্রা ফায়ার স্টেশন - নতুন প্রস্তাবিত চন্দ্রা রেলস্টেশন
দুই লাইনের পার্থক্য:
- নীল লাইন - নতুন সরাসরি লাইন (প্রস্তাবিত): জামালপুর থেকে সরাসরি চন্দ্রা, সময় ও খরচ কম
- লাল ড্যাশ লাইন - পুরাতন ঘুরপথ লাইন: জয়দেবপুর-টাঙ্গাইল হয়ে জামালপুর, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ
এই নতুন লাইন হলে পশ্চিম ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও বগুড়ার পূর্বাঞ্চলের লোক দ্রুত নিজ এলাকায় পৌঁছাতে পারবে।
পাশাপাশি গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলায় বসবাসকারী শিল্প শ্রমিকসহ বিভিন্ন চাকরিজীবী ও পেশাজীবীদের জন্য এটি হতে পারে একটি সুন্দর ও অত্যাধুনিক যাতায়াতের পথ।
নতুন লাইনের পাশ দিয়ে বাজার, শিল্প কারখানা গড়ে উঠবে। এতে গাজীপুর জেলার কালিয়াকৈর, টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ি, সখিপুর, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া, ভালুকা, ফুলপুর ও মুক্তাগাছা উপজেলা উন্নত হবে।
স্থানীয়রা বলেন, এই রেললাইন শুধু রেললাইন নয়, এটা লাখ লাখ মানুষের প্রাণের দাবি। এই রেললাইন হলে ছাত্র, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সবার জীবন সহজ হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই রেললাইন ও নতুন চন্দ্রা রেলস্টেশন বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।