গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুটি কৌটা পাওয়া গেছে। তবে সেগুলো পেট্রোল বোমা কি না বা নাশকতার অংশ কি না, তদন্ত ছাড়া তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর তাঁদের কর্মীরা কৌটা দুটি পান।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, দুর্বৃত্তরা অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম