রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।
এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল।
তিনি আরও বলেন, সত্য ইতিহাস আড়াল করে পাঠ্যসূচিতে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে সব মত ও পথের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম