দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে সরকার দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। চলমান সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করতে হবে।
দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার জানান, চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। ডিসেম্বর মাসজুড়েও সংগঠনটির বিভিন্ন কর্মসূচি থাকবে।
এ ছাড়া ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম